তফসিল ঘোষণার আগেই বাবুগঞ্জে নির্বাচনী মাঠ সরগরম

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ পিএম
তফসিল ঘোষণার আগেই বাবুগঞ্জে নির্বাচনী মাঠ সরগরম

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে বরিশালের বাবুগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ও মতবিনিময় সভায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখবেন, তার আগাম বার্তাও দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া মদিনাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রহমতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদারের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিমুল শিকদার। রহমতপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ তিন শতাধিক নারী এতে উপস্থিত ছিলেন। বক্তব্যে আরিফুর রহমান শিমুল শিকদার বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেননি। ভোটারদের সঙ্গে আগাম শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, তফসিল ঘোষণার আগেই কোনো কোনো সম্ভাব্য প্রতিপক্ষ প্রার্থী তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য অন্তরায় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিপক্ষদের উদ্দেশে শিমুল শিকদার বলেন, এখনো সময় আছে। নির্বাচনী বিধি অনুযায়ী সবাইকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে বা মানুষের কাছে যেতে বাধা দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করা উচিত নয়।

তিনি আরও বলেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং সম্ভাব্য নির্বাচনের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিমুল শিকদার অভিযোগ করে বলেন, তফসিল ঘোষণার আগেই একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমন আচরণ করছেন, যাতে মনে হচ্ছে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যক্তিকে সরিয়ে এখনই নিজে ওই পদে বসতে চান। তাঁর ভাষায়, এটি রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, একটি ওয়ার্ডে উঠান বৈঠক করতেই প্রতিপক্ষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। অথচ রহমতপুর ইউনিয়নের আরও আটটি ওয়ার্ডে এ ধরনের মতবিনিময় সভা করার পরিকল্পনা রয়েছে। নারীদের উদ্দেশে শিমুল শিকদার বলেন, তাকে যদি যোগ্য মনে করেন এবং তাঁর কর্মকাণ্ডে আস্থা থাকে, তাহলে আগামী নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন। জনগণের মতামতের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সভায় রহমতপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে