‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে সভাকক্ষে আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আব্দুল আরিফ সরকার স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ইউসুফ আলীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আনারুজ্জামান, কুড়িয়াদী মাদরাসার সুপার মাওলানা সিদ্দিক হোসাইন, বেলাশী সিনিয়র মাদরাসার প্রভাষক, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ডাওরা জে. বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১'শ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন সরকার। দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেতেন মাত্র ১২ জন শিক্ষক। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। এত দিন সম্মাননা পাওয়া প্রতি শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হতো। এবার সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ানোয় টাকার পরিমাণ কমিয়ে এক লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের এই উদ্যোগ শিক্ষকসমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি উৎসাহিত করবে। ৫ অক্টোবর ইউনেসকো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবসে এবারের মূল প্রতিপাদ্য: শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং ভবিষ্যৎ গড়া।
বিশেষ তাৎপর্য: ১৯৬৬ সালে আইএলও (ILO) ও ইউনেস্কো কর্তৃক শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত ঐতিহাসিক সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্ণ হচ্ছে এবার।