নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী আন্দোলন জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে উপজেলা মাদক নির্মূল কমিটি। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে চলমান রয়েছে সভা,সমাবেশ মিছিল,র্যালিসহ নানা কর্মসূচি। তাদের এ সকল কর্মসূচিতে যোগ হয়েছে সাধারণ জনগন। সকলের এক কথা মাদক নির্মুল করতে হবে। প্রশাসনও এগিয়ে এসে জনগনের কাতারে সামিল হয়।
রোববার উপজেলার নেজামের চৌপথী নামক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত স্বপন নামে একজনকে সতর্ক করে লোকজন। কিন্তু সতর্ক করতে যাওয়া লোকজনের সাথে সে খারাপ আচরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন ওই মাদক ব্যবসায়ীর বাসায় তালা ঝুলিয়ে দেন।
কমিটি সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার পাঁচটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নিয়মিত সভা, সেমিনার, বিক্ষোভ, র্যালি ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মাদক বিক্রির অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা বন্ধে সতর্ক ও বোঝানোর কার্যক্রমও চালানো হচ্ছে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে স্থানীয় জনগণের সহযোগিতায় সামাজিক উদ্যোগ অব্যাহত রাখা হবে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। উপজেলা মাদক নির্মূল কমিটির আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পু ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট গোলাম রব্বানী মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তাদের বক্তব্য, মাদক ছাড়তে হবে এবং মাদক ব্যবসা বন্ধ করতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকার মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
কমিটির নেতারা জানান, মাদকবিরোধী কার্যক্রম শুধু অভিযাননির্ভর না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে এলাকাবাসীকে সম্পৃক্ত করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চলছে। স্থানীয়দের সহযোগিতা নিয়ে এ কার্যক্রম আরও বিস্তৃত করার কথাও জানিয়েছে উপজেলা মাদক নির্মূল কমিটি।