নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সা

এফএনএস স্পোর্টস ডেস্ক | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৪:৫১ পিএম
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সা
ছবি: সংগ্রহীত

নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। রোববার (৪ অক্টোবর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। বার্সেলোনার জয়ে সবচেয়ে বড় অবদান ক্লদিয়া পিনার। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে দেন এই ফরোয়ার্ড।

শুরু থেকেই রিয়ালকে নিজেদের অর্ধে চেপে ধরে খেলতে থাকে বার্সেলোনা। মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের কিনারা থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন পিনা।

এরপর অবশ্য অল্পের জন্য দ্বিতীয় গোল হজম থেকে বেঁচে যায় রিয়াল। গিহারোর শট কাছ থেকে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে বার্সেলোনার চাপ সামলাতে পারেনি রিয়ালের রক্ষণ।

২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। বাইয়োরের প্রথম শট প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান তিনি। মাত্র চার মিনিট পর গিহারোর সঙ্গে ওয়ান-টু পাস খেলে ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন পিনা।

রিয়ালের ওপর বার্সেলোনার চাপ তখন আরও বেড়ে যায়। ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। বাইয়োরের সঙ্গে পাস বিনিময় করে রিয়ালের রক্ষণ ভেঙে বল জালে পাঠান তিনি।

বিরতির আগে আরও একবার গোলের উৎসবে মাতেন পিনা। ৪৪ মিনিটে বাইয়োরের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর এক টাচে রক্ষণ কাটিয়ে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

এক ম্যাচে চার গোল করে নারী এল ক্লাসিকোর ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন কীর্তি গড়া প্রথম বার্সেলোনা নারী খেলোয়াড়ও হয়ে গেলেন পিনা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও রিয়ালের দুর্ভোগ কমেনি। ৫৫ মিনিটে এভা পায়োর গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-০। এরপর ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে বার্সেলোনা।

৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন সিডনি শেরটেনলেইব। তার গোলেই ৭-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার আক্রমণের সামনে কার্যত অসহায় ছিল। শ্রোডার ও কাইসেদোর মতো আক্রমণভাগের খেলোয়াড়রাও নিজেদের স্বাভাবিক ছন্দে ছিলেন না। আথেনেয়ার কাছেও সুযোগ এসেছিল, কিন্তু সেটিও কাজে লাগাতে পারেনি রিয়াল।

এই জয়ে লিগা এফে ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ দুই দলের ব্যবধান এখন পাঁচ পয়েন্ট।

রিয়ালের বিপক্ষে এটি বার্সেলোনা নারী দলের ২৮টি অফিসিয়াল ম্যাচে ২৭তম জয়। এই ম্যাচগুলোতে বার্সেলোনা করেছে ১১৪ গোল, বিপরীতে রিয়াল মাদ্রিদ তাদের জালে বল পাঠাতে পেরেছে মাত্র ১৩ বার।

ম্যাচটি মাঠের বাইরেও স্মরণীয় হয়ে থাকবে। স্পটিফাই ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিলেন ৪০ হাজার ৫৩৩ দর্শক। লিগা এফের ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

বার্সেলোনার পরবর্তী ম্যাচ ১৮ অক্টোবর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। একই দিনে রিয়াল মাদ্রিদ খেলবে এস্পানিওলের বিপক্ষে।

আপনার জেলার সংবাদ পড়তে