আগামী ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪৯ পিএম
আগামী ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। পথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

লংমার্চ সফল করতে নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একের পর এক তেল-গ্যাসসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ায় এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের প্রতি আক্রোশ থেকেই সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও তুলে ধরে তিনি বলেন, ১১ দল এ ঘটনার নিন্দা জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে