পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বাড়ির পেছনে হলুদ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন।
আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন তিনি পরে যাবেন বলে। এরপর আর সুপ্রভাত মদক তার ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে যাননি।
পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। পুলিশ তখন তার সন্ধানে মাঠে নামে।
ওসি ফজলে এলাহী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবার ফোন আসলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এরপর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে হলুদ ক্ষেতে সুপ্রভাত মদকের মরদেহ আগুনে ঝলসানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আমিনপুর থানার ওসি ফজলে এলাহী আরো জানান, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কারা, কী কারণে তাকে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। হত্যায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।