চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৮৩ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ সিগারেট এবং একটি ডাম্পার ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক সংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭,০৯০ প্যাকেট 'প্যাট্রন' এবং ১,৮০০ প্যাকেট 'অরিস' ব্র্যান্ডের সিগারেটসহ সর্বমোট ১৮,৮৯০ প্যাকেট চোরাই সিগারেট ও পরিবহন কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করার পাশাপাশি দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত সিগারেট ও ডাম্পার ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত চোরাই সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।