পিরোজপরের জিয়ানগরে এবার ২২ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জিয়ানগর থানা সম্মেলন কক্ষে পুলিশের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান সভায় জানানো হয়, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক ও নৌপথে চলাচল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার না চালানোর পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়। পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেও বলা হয়েছে। সভায় বক্তব্য রাখেন জিয়ানগর থানা তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা জামাতের আমির মাওলানা আলী হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মস্তান হাফিজ, জামাতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট ননিগোপাল রায়, সাধারণ সম্পাদ বিকাশ চন্দ্র হালদার, সাব-ইন্সপেক্টর পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রত্যাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান সহ রাজনৈতিক, ও পূজা উদযাপন পরিষদের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।