শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি - প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো: আজিজুর রহমান সরকার প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক ও ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন এবং ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক ও ইসলামি আলোচক মাহবুব আলম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্যরা বলেন, শিক্ষক সমাজ আজ অবহেলা। তাদের ন্যায্য দাবি পূরণ করা হচ্ছে না। তারা স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা এবং বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।
জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির মো: আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে হবে। অপরদিকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।