‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পিটিএ সভাপতি আশরাফুল আলম লুৎফুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর ও কয়েকজন অভিভাবক।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসি সদস্য মো. মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের নিরাপত্তায় বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাটি ভরাট, দৃষ্টিনন্দন গেট ও রাস্তা নির্মাণ এবং অভিভাবকদের বসার স্থান তৈরিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল উদ্যোগ নেওয়ায় অভিভাবকেরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখতে সম্প্রতি কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।