পাবনার ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পানির সঙ্গে পাম অয়েল, ডিটারজেন্ট ও জেলিজাতীয় পদার্থসহ বিভিন্ন উপাদান মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবুল বাসারের বাড়িতে নকল দুধ তৈরির কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, পানির সঙ্গে পাম অয়েল, ডিটারজেন্ট, জেলিজাতীয় পদার্থসহ বিভিন্ন উপাদান মিশিয়ে দুধ তৈরি করা হচ্ছিল। পরে অভিযুক্ত ব্যবসায়ী আবুল বাসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।