বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে পেড়লীতে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩৬ পিএম
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে পেড়লীতে র‌্যালি ও আলোচনা সভা

"আপনার চোখকে ভালোবাসুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের চোখের গুরুত্ব, চোখের যত্ন এবং দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারা বিশ্বের ন্যায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় “এক্সপ্যান্ডিং সাসটেইনেবল মডেল অফ ভিশন সেন্টার টু ডেলিভার কমপ্রিহেনসিভ প্রাইমারি আই কেয়ার সার্ভিসেস ইন রুরাল বাংলাদেশ" প্রকল্পের আওতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেড়লী উত্তরপাড়া ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো: এহসানুল কবীর, প্রোগ্রাম হেড মীর মিজানুর রহমান, পেড়লী ভিশন সেন্টারের সমন্বয়কারী মো: কামাল হোসেনসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় জনগণসহ নানাবিধ শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে পেড়লী ভিশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে ভিশন সেন্টারে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠিত চক্ষু শিবিরে ১১৫জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এর মধ্যে ২৬ জনকে বিনামূল্যে চশমা ও ৪৭ জনকে ঔষধ এবং ২৮জন ছানীজনিত রোগীকে বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের জন্য খুলনার শিরোমনিতে বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ এলাকায় টেকসই ভিশন সেন্টারভিত্তিক প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে আরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল দ্বারা পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে পেড়লী ভিশন সেন্টার স্থানীয় জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে