ফিফা আসিয়ান কাপে ভরাডুবির প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র্যাংকিংয়েও। সর্বশেষ র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৮১তম স্থানে নেমেছে বাংলাদেশ। বিপরীতে, বাংলাদেশকে ৯-২ গোলে হারানো ও পরে আসরের চ্যাম্পিয়ন হওয়া ইন্দোনেশিয়া এগিয়েছে দুই ধাপ। তাদের অবস্থান এখন ১১৬তম। আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে হারে ১-০ গোলে। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত হয়ে তিন ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই আসর শেষ করে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে নয় গোল হজম বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক ব্যর্থতার চিত্র আরও স্পষ্ট করেছে। বিদেশি লিগে খেলা একাধিক ফুটবলার দলে থাকার পরও এমন ফল নিয়ে প্রশ্ন উঠেছে দলের প্রস্তুতি ও সামর্থ্য নিয়ে। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পর শিরোপাও জিতেছে তারা। তাতেই ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তাদের। দুই দলের ব্যবধানও এখন ৬৫ ধাপ- বাংলাদেশ ১৮১তম, ইন্দোনেশিয়া ১১৬তম। র্যাংকিংয়ের শীর্ষ চারটি স্থানে কোনো পরিবর্তন নেই। টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন রয়েছে শীর্ষেই। আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয় এবং ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। উয়েফা নেশন্স লিগে দারুণ খেরে দুই ধাপ টপকে ৫ম স্থানে উঠে এসেছে পর্তুগাল। এক ধাপ করে নেমে ৬ষ্ঠ স্থানে ব্রাজিল এবং ৭ম স্থানে রয়েছে মরক্কো।