ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশাল শোডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে রাত প্রায় সাড়ে ৮টা পর্যন্ত শোডাউনের বিশাল বহরটি ইউনিয়নের সকল হাট বাজার, রাস্তা ও অলিগলি প্রদক্ষিণ করে। উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহিরের পক্ষে কয়েক শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ ও মাইক্রোবাস শোডাউনে অংশ নেয়। এলাকার কয়েক হাজার সমর্থক বাদ্যযন্ত্র ও বাশির সুরে আনন্দে উচ্ছ্বাসে বিশাল শোডাউনটি উপজেলার মৃর্ধারহাট থেকে শুরু হয়ে দৌলতখান বাজার সহ দলিল উদ্দিন খায়েরহাট, লাহারি জাঙ্গাল মোড়, মুনাফ বেপারীর পুল, সংসদীয় হাওলাদার বাড়ি হয়ে মিয়ার হাট, নইমুদ্দিনহাট, নুরুদ্দিনের মোড়, মান্নান স্যারের বাজার, সুবেদারের মোড়, হেলিপোর্ট এলাকা হয়ে চরখলিফা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অলিগলি প্রদক্ষিণ করে। ইউপি নির্বাচনে আগাম এ শোডাউনটি সাধারণ জনগণের মধ্যে নির্বাচনী ব্যাপক উৎসাহ ও আমেজ সৃষ্টি করে।
শোডাউন চলাকালীন সময়ে ওই ইউনিয়নের বিভিন্ন বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জহির। শোডাউন চলাকালীন এলাকার সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাড়িয়ে হাততালি দিয়ে তাকে সমর্থন ও অভিনন্দন জানান।