ছুটি ছাড়াই একটানা তিনদিন অফিসে অনুপস্থিতি ভবানীগঞ্জের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৩:৩০ পিএম
ছুটি ছাড়াই একটানা তিনদিন অফিসে অনুপস্থিতি ভবানীগঞ্জের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ছুটি না নিয়ে একটানা তিনদিন ধরে অফিসে অনুপস্থিতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সরেজমিনে ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাসের অফিসে গিয়ে অনুপস্থিতির এমন চিত্র দেখা যায়। অফিসের মূল গেটে তালা ঝুলছে। প্রায় পৌনে এক ঘন্টা ধরে অপেক্ষা করার পর কাউকে খোঁজে পাওয়া যায়নি। খাদ্য অধিদপ্তরের মত এত গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অবস্থা দেখে হতভম্ব স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তিনি প্রায় প্রতি সপ্তাহে বুধবার দুপুরের পর পরদিন বৃহস্পতিবারের ছুটি ছাড়াই বাড়িতে যান। ছুটি শেষে সপ্তাহের প্রথম দিন রোববার দেরিতে অফিসে আসেন। ফলে খাদ্য বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অনিয়ম-দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাগামারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মকদুবুল হক বিশ্বাস কর্মরত রয়েছেন। তবে স্থানীয়দের দাবি, তিনি অধিকাংশ সময় ঠিকমত অফিসে অবস্থান করেন না। অভিযোগ অনুযায়ী, গত সোমবার অফিস শেষে তিনি ছুটি না নিয়ে চলে যান এবং বৃহস্পতিবার পর্যন্ত একটানা তিনদিন কর্মস্থলে অনুপস্থিতি ছিলেন।কর্মকর্তার অনুপস্থিতির কারণে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হচ্ছে এবং অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে খাদ্য বিভাগের কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। ছুটি না নেওয়ার বিষয়টি স্বীকার করে ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বলেন, পারিবারিক সমস্যা ও অসুস্থতার কারণে ছুটি ছাড়াই বাড়িতে আসতে হয়েছে। আর কিছু জানার থাকলে আমার উধ্বর্তন কতৃপক্ষের সাথে কথা বলতে পারেন। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা বাগমারা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুন্নবী বলেন, ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছ থেকে ছুটি নেয়নি। বিষয়টি উধ্বতর্ন কতৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: এহসানুল হকের যোগাযোগ করলে ছুটি না নেওয়ায় বিষয়টি স্বীকার করে বলেন, ছুটি না নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাড়িতে চলে গিয়েছে। কর্মস্থলে যোগদানের পর আবেদন করে ছুটি নিবেন।
আপনার জেলার সংবাদ পড়তে