কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন, উপজেলার চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) ও একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক।
আহত ব্যক্তিরা হলেন, লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চরপুমদি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।