নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাফি মদিনাপাড়ার সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা।
পরিবার ও স্বজনেরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। সিসিটিভির ফুটেজেও বাড়ির পাশে ঘোরাফেরা করার দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে। এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।