মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.আবুল কাশেম খাঁন।
শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এ সময় লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মনিরা আক্তার উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্ধারিত পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মনিরা আক্তার। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন-দাতা সদস্য হাজী শহিদুল ইসলাম রনি। অভিভাবক সদস্য শাহিন খান, সাংবাদিক তাজুল ইসলাম রাকিব, মো. রিয়াজুল বেপারি ও মো. হানিফ শেখ। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শারমিন আক্তার। শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল হক ও মো. আব্দুল খালেক এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পলি রানী সেন।
ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসেবে পয়শা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল।
নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।