“শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। প্রত্যেকে যেন সম্পূর্ণ স্বাধীন ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সরকারি বরাদ্দের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি যেন সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।”
তিনি আরও জোর দিয়ে বলেন, উৎসবের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। পাশাপাশি সরকারি বরাদ্দ যেন যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন তিনি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, জেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপি’র সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ছয়টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের ডিও তুলে দেন।