সারা দেশের ন্যায় দিঘলিয়ায় নদ-নদীতে মাছ শিকার নিষিদ্ধ। আর এ নিষেধ অমান্যকারীদের প্রতিরোধ, কারেন্ট জাল উচ্ছেদ ও ইলিশ সম্পদ সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত ৮ অক্টোবর শুরু হয়েছে নানা কর্মসূচি যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এ সকল কর্মসূচির আলোকে গতকাল শনিবার (১০ অক্টোবর) আতাই নদীতে অভিযান পরিচালিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আতাই নদী থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্বার করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জালে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি এবং কোনো শিকারীকে পাওয়া যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক টিম ও দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ অভিযানে অংশগ্রহণ করে। দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী এ প্রতিবেদককে বলেন, চলতি মাসের ৮ তারিখে অভিযান শুরু হয়েছে যা আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ইলিশ মাছ আহরণ, বিপনন, পরিবহন,ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুদ নিষিদ্ধ। এ সময় শুধু নদ-নদীতে নয়, হাটে-বাজারেও এ সময় অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং জেল জরিমানা প্রদান করা হবে।