দীর্ঘদিন ধরে সড়কের গর্তের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন যানবাহনচালক, পথচারী ও শিক্ষার্থীরা। সড়কটি সংস্কারে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগ না থাকায় ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছিল তাঁদের। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অতিথি শিক্ষক আজিজুল হক। নিজ অর্থায়নে শ্রমিক নিয়োগ করে তিনি সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছেন।
সোমবার (১২ অক্টোবর) ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করে সড়কের গর্তগুলো সংস্কার করা হয়। সড়কটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজ গেট স্টেশন থেকে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশ হয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে পর্যন্ত বিস্তৃত। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে প্রাকৃতিক দুর্যোগে সড়কের পাশে কয়েকটি বড় গাছ ভেঙে পড়ায় কার্পেটিং উঠে যায়। এতে সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এসব গর্ত সংস্কার না হওয়ায় ওই পথে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন সাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পাশাপাশি বাবুগঞ্জ থানার সরকারি কাজে ব্যবহৃত গাড়ি এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের গাড়িও এ পথ ব্যবহার করে। সড়কের গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি সাধারণ পথচারী এবং বিদ্যালয় ও কলেজের শত শত শিক্ষার্থীকে দুর্ভোগের মুখে পড়তে হতো। এ অবস্থায় সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে ব্যক্তিগত উদ্যোগ নেন আজিজুল হক। তাঁর এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও নিয়মিত যাতায়াতকারীদের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
আজিজুল হক এর আগেও ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন। রাজনীতির পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায়ও কাজ করে আসছেন তিনি।
আজিজুল হক বলেন, জনগণের ভোগান্তি দেখেও যদি সামর্থ্য অনুযায়ী কিছু না করি, তাহলে দায়িত্ববোধের জায়গাটি পূরণ হয় না। সড়কটির গর্তের কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই নিজের সামর্থ্য অনুযায়ী গর্তগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের চলাচলে কিছুটা স্বস্তি আনতে পারলেই আমার এ উদ্যোগ সার্থক হবে।