বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তির দীর্ঘ দেড় যুগ পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিদ্যা বালান অভিনীত ও সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে তৈরি প্রথম কিস্তি যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, এবার তার সিক্যুয়েল ঘোষণার খবরটি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে আলোচনা। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে নতুন এই সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্র, কলাকুশলী বা মুক্তির তারিখ নিয়ে এখনই সব তথ্য প্রকাশ করতে নারাজ তিনি। আলাপকালে একতা জানান, এবার তার কাছে এমন একটি শক্তিশালী গল্প রয়েছে যা তিনি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যাকুল হয়ে আছেন। প্রথম সিনেমায় সিল্ক স্মিতার জীবন ও তার সাহসিকতাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তা স্মরণ করে প্রযোজক বলেন, সমাজ যাকে কোণঠাসা করতে চেয়েছিল, তিনি তাকে নিজের মতো করে বাঁচতে দেখেছেন এবং সিল্ক সবসময়ই নিজের সত্তাকে উদযাপন করতেন। ২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া মূল ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিদ্যা বালান। এছাড়া নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের মতো তারকারাও ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।