সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজ, ক্ষুব্ধ রেলমন্ত্রী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৫০ পিএম
সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজ, ক্ষুব্ধ রেলমন্ত্রী

দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনের বগি তৈরির কাজে নিম্নমানের উপকরণ ও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি। একই সঙ্গে নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ দেন মন্ত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রেলমন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন শপ, উপশপসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় ট্রেনের বগি তৈরির কাজের মান তাঁর নজরে আসে। কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ জানান তিনি। একপর্যায়ে বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদকে কড়া ভাষায় সতর্ক করেন এবং নিম্নমানের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

রেলমন্ত্রীর এ পরিদর্শনকে কারখানার কাজের মান যাচাই এবং অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে