ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো যাদবপুর গ্রামের আশিকুর রহমানের মেয়ে হুমায়রা (৩) এবং একই গ্রামের বাবুর ছেলে নাহিয়ান (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর ডোবার পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার লাশ ভেসে ওঠে। এটি দেখে তার দাদি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা ডোবায় নেমে খোঁজাখুঁজি করে নাহিয়ানের লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, প্রাথমিক ভাবে পানিতে ডুবেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।