আশাশুনিতে দুর্যোগ প্রশমন দিবসে পটগান ও দুর্যোগ প্রস্তুতি মহড়া

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:০৩ পিএম
আশাশুনিতে দুর্যোগ প্রশমন দিবসে পটগান ও দুর্যোগ প্রস্তুতি মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬”উপলক্ষে আশাশুনিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ ক্যাম্পাসে মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ওঈজউঈঠ-ওওও প্রকল্প, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এবং আশাশুনি উপজেলায় কর্মরত স্থানীয় পর্যায়ের সকল এনজিওসমূহের অংশগ্রহণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবার ও কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি গ্রহণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে ১২ অক্টোবর অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের মোট ২১২ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে “দুর্যোগের ঝুঁকি হ্রাসে তারুণ্যের ভূমিকা”, ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য “দুর্যোগকালীন সচেতনতা ও নিরাপত্তা”এবং ৯ম-১০ম শ্রেণির জন্য “জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব”বিষয় নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন”বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরবর্তীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং দুর্যোগ সহনশীল ও অভিযোজন সক্ষম সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটগান ও নাটকের মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডজনিত দুর্যোগে আত্মরক্ষা, উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার ওপর বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া সিপিপির সহযোগিতায় কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। কমিউনিটি পর্যায়ের এ মহড়ায় সিপিপির সদস্যরা বাস্তব গ্রামীণ পরিস্থিতি উপস্থাপনের মাধ্যমে দুর্যোগের সম্ভাব্য প্রভাব, মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও সতর্কতার গুরুত্ব তুলে ধরেন। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় ধৈর্য, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর বার্তা প্রদান করা হয়। অনুষ্ঠানে আশাশুনি উপজেলার সুধীজন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সিপিপি কর্মসূচির সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর(হিউম্যানিটারিয়ান ) এস এম মনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মোশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াত আমীর আবু মুসা তারিকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আপনার জেলার সংবাদ পড়তে