চাঁদপুরে মাদকের বিস্তার রোধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ পিস ইয়াবাসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে ৭৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে জেলাজুড়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
থানাভিত্তিক অভিযানের চিত্র: চাঁদপুর সদর মডেল থানা: ১৭ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার। কিশোর গ্যাং সন্দেহে আটক ১৫ জনের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং বাকি ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানা: ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার এবং কিশোর গ্যাং সন্দেহে ২১ জন আটক।
কচুয়া থানা: ১৬ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার এবং কিশোর গ্যাং সন্দেহে ৯ জন আটক।
ফরিদগঞ্জ থানা: ১০ পিস ইয়াবাসহ ১ জন ও সিআর পরোয়ানাভূক্ত ২ জন গ্রেপ্তার। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে ৭ জনকে।
শাহরাস্তি থানা: ৩ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার ও ৬ জন আটক।
হাইমচর থানা: ২ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার ও ৭ জন আটক।
মতলব উত্তর ও দক্ষিণ থানা: মতলব উত্তরে ৬ জন ও মতলব দক্ষিণ থানা পুলিশ ৫ জনকে আটক করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করি।” উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর জেলা পুলিশের এমনই এক অভিযানে ২০ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং কিশোর গ্যাং সন্দেহে ৭০ জনকে আটক করা হয়েছিল।