ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:২৪ পিএম
ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইগাতী থানার সভাকক্ষে এ সভার আয়োজন করে থানা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, উপজেলা ট্রাইব্রাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং প্রমুখ। এ সময় পূজামণ্ডপের উদ্যাপন কমিটির নেতারা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে