ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ পিএম
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭ হাজার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের অক্টোবরের প্রথম ১৪ দিনেই ডেঙ্গুতে ৮৬ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন মারা যান। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

এর আগে ৬ অক্টোবরও এক দিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন।

আপনার জেলার সংবাদ পড়তে