দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবা বড়িসহ জাকিরুল ইসলাম (৩৯) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজার এলাকায় অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের দল সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জাকিরুল ইসলামকে আটক করা সম্ভব হলেও তাঁর সঙ্গে থাকা দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।
পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপার পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার আদালতে পাঠানো হবে।