ফরিদপুরের মধুখালীতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাজিব মোল্লা (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বোয়ালমারী উপজেলার চিতের বাজার এলাকার জনতা জুটমিল থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, (গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে) মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। এ সময় তার মা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে অভিযুক্ত রাজিব তাকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষার পর কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানতে পারে তার পরিবার। এ ঘটনায় কিশোরীর বাবা গত ৬ আগস্ট ২০২৬ তারিখে মধুখালী থানায় মামলা করেন।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, মামলার আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।