ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। দলটির প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
গত ৩ অক্টোবর বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটে যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে টিভিকের এটিই প্রথম সরাসরি অংশগ্রহণ। চেন্নাইয়ে আয়োজিত ‘গণতন্ত্র রক্ষা’ কর্মসূচিতে ভোটার তালিকার অনিয়ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি জানানো হয়।
কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের নেতারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিম, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সংখ্যা উল্লেখযোগ্য।
বিক্ষোভকারীদের দাবি, শুধু তামিলনাড়ুতেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজির মাধ্যমে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা এসআইআর প্রক্রিয়াকে গণতন্ত্র ও সংবিধানের চেতনার জন্য হুমকি বলেও মন্তব্য করেন।
বিজয়-রাহুল বৈঠকের পরই কর্মসূচিতে টিভিকে
টিভিকের এই কর্মসূচিতে অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে ১০ অক্টোবরের একটি বৈঠকের কারণে। ওই দিন চেন্নাইয়ের নীলাঙ্করাইয়ে বিজয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বৈঠকে দুই নেতা তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কংগ্রেসের নেতৃত্বের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘সাউথ ফার্স্ট’ জানিয়েছে, বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক প্রচার, আলোচনা ও বিক্ষোভে টিভিকে ও বিজয়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন রাহুল।
তামিলনাড়ুতে ‘সেক্যুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স’ গঠনের পর বিজয় ও রাহুলের এটি ছিল প্রথম বৈঠক। সম্প্রতি ধারাপুরাম ও মাদুরান্তাকাম উপনির্বাচনে টিভিকের সাফল্যের জন্য বিজয়কে অভিনন্দনও জানান রাহুল।
ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর টিভিকের প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং এর আগে রাহুল-বিজয় বৈঠক—দুই ঘটনাকে তামিলনাড়ুর বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।