চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান, কারেন্ট জাল জব্দ, কারাদণ্ড ও জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৭ পিএম | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৭ পিএম
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান, কারেন্ট জাল জব্দ, কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর আওতায় ১৮ অক্টোবর পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সাথে মা ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জন জেলেকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জেলা টাস্কফোর্সের মিডিয়া সেল ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের প্রেরিত দৈনিক তথ্য বিবরণী অনুযায়ী, ১৮ অক্টোবর জেলার ৪টি উপজেলায় (মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর ও চাঁদপুর সদর) মোট ১২টি অভিযান পরিচালনা করা হয় এবং ৩টি মোবাইল কোর্ট বসানো হয়। অভিযানে চাঁদপুর সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ২ জন জেলেকে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ২ জন আসামির কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা করে মোট ৮০০ টাকা (০.০০৮ লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়েছে। জাল বিনাশ ও জব্দ: অভিযানে আটককৃত মোট ৩০,০০০ মিটার (০.৩ লক্ষ মিটার) কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এ সময় জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  

এ ছাড়া ১৮ অক্টোবরের অভিযানে বিভিন্ন আড়ত, বাজার ও মাছঘাট পরিদর্শন করা হয়। গত ৮ অক্টোবর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত চাঁদপুর জেলায় সর্বমোট ৮৪টি মামলা দায়ের ও ৯২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। মৎস্য সম্পদ ও মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে