এআই দিয়ে লেখা শনাক্তে নতুন ফিচার আনছে ওপেনএআই

এফএনএস আইটি | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম
এআই দিয়ে লেখা শনাক্তে নতুন ফিচার আনছে ওপেনএআই

এআই দিয়ে তৈরি লেখা শনাক্ত করা সহজ করতে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে ওপেনএআই। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে চ্যাটজিপিটি ও কোডেক্সের মতো এআই মডেলের তৈরি লেখায় অদৃশ্য জলছাপ যুক্ত করা হতে পারে। সাধারণভাবে পড়ার সময় এই চিহ্ন দেখা যাবে না, তবে বিশেষ প্রযুক্তির সাহায্যে তা শনাক্ত করা সম্ভব হবে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য ‘টেক্সটগ্রেইন’ নামে একটি প্রযুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে এআইয়ের তৈরি লেখার শব্দ নির্বাচন ও বাক্যবিন্যাসে বিশেষ পরিসংখ্যানগত সংকেত রাখা হবে। নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে সেই সংকেত বিশ্লেষণ করে লেখাটিতে জলছাপ রয়েছে কি না, তা যাচাই করা যাবে। তবে প্রযুক্তিটি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। ফলে সুবিধাটি চালু হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এআই-নির্মিত কনটেন্টের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর উৎস শনাক্ত করার প্রয়োজনীয়তাও বাড়ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবন্ধ ও গবেষণাপত্র তৈরি, সংবাদমাধ্যম এবং অনলাইন প্রকাশনায় এআইয়ের ব্যবহার নিয়ে নানা প্রশ্ন রয়েছে। লেখাটি এআইয়ের সাহায্যে তৈরি কি না, তা জানা গেলে পাঠক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য কনটেন্টের উৎস সম্পর্কে ধারণা পাওয়া সহজ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এআই আইনেও নির্দিষ্ট ধরনের এআই-নির্মিত ও পরিবর্তিত কনটেন্টের পরিচয় প্রকাশ এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চ্যাটজিপিটির লেখায় অদৃশ্য জলছাপ যুক্ত করার পরিকল্পনাকে সেই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই প্রযুক্তি চালু হলেই এআই দিয়ে তৈরি সব লেখা শতভাগ নির্ভুলভাবে শনাক্ত করা যাবে, এমন নিশ্চয়তা নেই। লেখা সম্পাদনা বা পুনর্লিখন করা হলে জলছাপ শনাক্ত করা কতটা সম্ভব হবে, সেটিও বড় প্রশ্ন। শেষ পর্যন্ত প্রযুক্তিটির কার্যকারিতা নির্ভর করবে এর নির্ভুলতা, প্রয়োগের পরিধি এবং পরিবর্তিত লেখাতেও সংকেত শনাক্ত করার সক্ষমতার ওপর।

আপনার জেলার সংবাদ পড়তে