কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৩:০৭ পিএম
কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রাতি, আত্মীয়করণ ও দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

সোমবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।মানববন্ধনে এমপি আবু তালিব বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে।বর্তমান সরকারের কাছে তাঁদের প্রত্যাশা ছিল, ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও নৈরাজ্য বন্ধ হবে। কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাবেন, তেল-গ্যাসের সংকট থাকবে না এবং সরকারি অফিস গুলো দলীয় কার্যালয়ে পরিণত হবে না। কিন্তু তাঁদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে দলটির নেতাকর্মীরা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের প্রতিবাদ জানান। প্রায় ১ ঘণ্টাব্যাপী কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান,ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক মাওলানা ওলিয়ার রহমান এবং জামায়াতের মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

আপনার জেলার সংবাদ পড়তে