শারদীয় দুর্গাপূজা- সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানার এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল-মামুন। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ও রাতে দুই উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা অতিরিক্ত পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল-মামুন পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করেন। এ সময় পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে উৎসবকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, গফরগাঁও থানার অফিসার ইনচার্জসহ দুই থানার অন্যান্য অফিসার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়সহ অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।