মাদক সেবনে বাধা দেওয়ায় দেশীয় সাংস্কৃতিক সংসদ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান মজনুকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুই মাদকসেবী। এ সময় তার ঘরের থাই জানালা ভাংচুর করা হয়। মুক্তাগাছা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা পৌর শহরের ৬নং ওয়ার্ডের পাইকাশিমুল এলাকায়। জানা যায়, পাইকাশিমুল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে সংস্কৃতিকর্মী কামরুল হাসান মজনু বৃহস্পতিবার ফজরের নামজ শেষে ঘরে ফিরে বিছানায় শুয়ে ছিলেন। প্রতিবেশী মৃত ইছব আলীর দুইপুত্র আল আমিন ও সাইফুল ইসলাম ঘরের জানালার পাশে বসে নেশা করছিল। গন্ধ পেয়ে মজনু ঘর থেকে বের হয়ে তাদের নেশা করতে বাধা দিলে আল আমিন ও সাইফুল ক্ষিপ্ত হয়ে ঘরে থেকে দা নিয়ে আল আমিন মজনুর মাথা বরাবর কুপ বসিয়ে দেয়। মজনু দায়ের কুপ হাত দিয়ে আটকানোর চেষ্টা করে। দায়ের কুপ মজনুর ডান হাতের আঙ্গুল ও বাম হাতের মাঝ বরাবর গভীর ক্ষত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্ষত পরিস্কার করেন। মজনুর ক্ষতস্থানে ১৩০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।