আফগানিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের পর যা বললেন টাইগার অধিনায়ক

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম
আফগানিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের পর যা বললেন টাইগার অধিনায়ক

বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয় মনে করেন, মাইন্ডসেটের সমস্যার কারণেই দেশের বাইরে ওয়ানডে দলের ব্যাটিং পারফরম্যান্স ভালো হচ্ছে না। তবে দলের ব্যাটারদের স্কিল নিয়ে কোনো সমস্যা নেই বলে মনে করেন তিনি। আফগানিস্তানের কাছে হারের পর ব্যাটিং ব্যর্থতাকে কাঠগড়ায় রেখে তিনি বলেন, ‘আমার যেটা মনে হয়েছে, কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা- আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজেভাবে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’ মাইন্ডসেটের সমস্যার কারণেই ব্যাটিং ইউনিট ভালো করতে পারছে না জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই। প্রশ্নের উত্তর আপনিই দিয়ে দিয়েছেন। সমস্যা মাইন্ডসেটে। এখানে উন্নতির দরকার আছে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরের কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরী। অ্যাওয়েতে বেশিরভাগ ম্যাচই আমরা হেরেছি। এখানে কাজ করতে হবে।’ তাসকিন আহমেদ জিম্বাবুয়ে ম্যাচের পর বলেছিলেন, ব্যাটারদের গেম অ্যাওয়্যারনেসের অভাব রয়েছে। হৃদয়ও তাতে একমত, ‘যেটা বলছে, ঠিক। কিছু জায়গায়, কিছু সময় থাকে। কিছু পজিশনে খেলা হোল্ড করতে হয়, দ্রুত উইকেট গেলে বা বেশি উইকেট গেলে। আমরা কলাপ্স করলে সবাই করছি। দ্রুত উইকেট গেলে প্রায়ই আমরা কলাপ্স করি। এক-দুইজন এখানে দায়িত্ব নিয়ে খারাপ অবস্থান থেকে দলকে ভালো জায়গায় নেওয়া জরুরী।’