চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গভীর রাতে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২০ জন জেলেকে আটক করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে ইলিশ মাছ, বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নৈশকালীন এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হুদা। চাঁদপুর জেলা টাস্কফোর্স মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জেলা টাস্কফোর্সের নিয়মিত তদারকির অংশ হিসেবে নদী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে অসাধু জেলেদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ, ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ২০ জন আসামির বিচার সম্পন্ন করা হয়। অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ১৩ জন জেলেকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৭ জন জেলেকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত আলামতের বিষয়ে নেওয়া ব্যবস্থা সম্পর্কে টাস্কফোর্স জানায়, উদ্ধার করা ৩০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বণ্টন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত ৩টি কাঠের নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া জব্দকৃত ৩৫ হাজার মিটার কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং সরকারের মা ইলিশ সংরক্ষণ নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুর জেলা টাস্কফোর্সের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।