নেত্রকোনার কলমাকান্দায় মৌমাছির কামড়ে বাদল খন্দকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কেবলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল খন্দকার ওই গ্রামের মৃত মাওলানা আওয়ালের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের পুকুরপাড়ে একটি বড় গাছে থাকা মৌমাছির চাক কাটতে যান কয়েকজন। এ সময় মৌমাছির ঝাঁক উত্তেজিত হয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালায়। এতে বাদল খন্দকারকে শত শত মৌমাছি কামড় দেয়। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বাদলের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় কেবলপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।