নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালেবের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় দিরাই পৌরশহরের থানা পয়েন্টে দিরাই প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এতে সাংবাদিক হত্যার বিচার, হামলাকারীদের গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার তালহার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ, অর্থ সম্পাদক সালমান মিয়া, দপ্তর সম্পাদক উমেদ আলী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অশোক তালুকদার, জুবের সরদার দিগন্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু চৌধুরী, এনসিপির উপজেলা আহ্বায়ক আতাহার আলী, ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির সত্য উদ্ঘাটন করতে গিয়ে দুর্বৃত্তদের নির্মমতার শিকার হয়েছেন। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, সাংবাদিক এম এ মোতালেবও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হত্যা ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।