নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে চকউলী গ্রামের তিন মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাঁদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ লিটার চোলাইমদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু এবং মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।