মুলাদীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা, মাদকমুক্ত সমাজ গড়ার ঘোষণা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৩:৩১ পিএম
মুলাদীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা, মাদকমুক্ত সমাজ গড়ার ঘোষণা

বরিশালের মুলাদীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চরকালেখান ইউনিয়নের ষোলঘর পুরাতন মৃধাবাড়ী ঈদগাহ মাঠে স্থানীয় মানব কল্যাণ সংস্থার আয়োজনে এ সভা হয়। মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি এওয়ারনেস রেইজিং প্রোগ্রামের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান সংস্থা। সভায় সভাপতিত্ব করেন মানবকল্যান সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধা। এলাকার সচেতন নাগরিক, শিক্ষক, অভিভাবক এবং তরুণ ও যুবকদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আসাদ মাহমুদ মিরাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ঢালী, সমাজসেবক ও সাংবাদিক নুরুল হক খান, চরকালেখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন হান্নু ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মালেক সরদার, মো. মামুন দেওয়ান, চরকালেখান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রব আকন, স্থানীয় গিয়াস উদ্দীন খান, এমদাদ হোসেন, সাইফুল ইসলাম মৃধা, আব্দুল মালেক টুটুল মৃধা, সাইমুন হাসান হিরা, মেহেদী হাসান সিজন, বাবুল খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা ও সমাজের বিশিষ্টজনেরা। এসময় মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দীনসহ পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মাদক আজ শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্য ভয়াবহ হুমকি। এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে, পরিবারে অশান্তি ডেকে আনছে এবং সামাজিক অপরাধ বাড়াচ্ছে। এ থেকে মুক্তি পেতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে বলে তাঁরা মত দেন। তাঁরা অভিভাবকদের সন্তানদের প্রতি বাড়তি নজর রাখা, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং খেলাধুলা, ধর্মচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার আহ্বান জানান। তরুণদের উদ্দেশে বক্তারা বলেন, মাদকের সর্বনাশা ছোবল থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং বন্ধুদেরও এ থেকে বিরত রাখতে ভূমিকা রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্যও তাঁরা সবার প্রতি আহ্বান জানান।মানব কল্যাণ সংস্থার সদস্যরা জানান, এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সভা শেষে উপস্থিত সবাই সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে