মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, কেটে ফেলা হলো সড়কের ১০ ফুট

ফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৮ পিএম
মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, কেটে ফেলা হলো সড়কের ১০ ফুট

এ বাগেরহাটের মোল্লাহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে সার্বজনীন চলাচলের একটি সড়ক কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ১৫ থেকে ২০ জনের একটি দল কোদাল দিয়ে সড়কটির প্রায় ১০ ফুট অংশ কেটে ফেলায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা মো. বাচ্চু শেখ (৭০), মো. নাজমুল শেখ, মো. মামুন শেখ ও দিলু শেখসহ কয়েকজন জানান, গ্রামের একটি বড় অংশের কৃষিজমির ফসল এ সড়ক দিয়ে বাড়িতে আনা হয়। গুরুত্বপূর্ণ এ চলাচলের পথটি কেটে ফেলায় কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, শেখ শাহাবুদ্দিন সাবুর একটি জমি দখলে নিতে ব্যর্থ হয়ে নাঈম ফকির, শামীম ফকির, সাহিদুল খাঁ, আলিফ খাঁ, টিটুল শেখ ও আহম্মদ শেখসহ ১৫ থেকে ২০ জন মিলে সড়কটি কেটে ফেলেন। তাঁদের দাবি, আলোচনার মাধ্যমে বিরোধটি সমাধানের সুযোগ থাকলেও সড়ক কেটে গ্রামবাসীকে দুর্ভোগে ফেলা হয়েছে। রিনা বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী একটি পরিবার তাঁদের জমি তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কিনতে চেয়েছিল। পরে জমিটি জবরদখলের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ওই পক্ষ অন্য একজনের কাছ থেকে দুই কাঠা জমি কেনে, যার এক পাশ দিয়ে সড়কের অংশ রয়েছে। তাঁকে ও গ্রামবাসীকে দুর্ভোগে ফেলতে ওই জমিসংলগ্ন সড়কের প্রায় ১০ ফুট অংশ কেটে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে, নাঈম ফকিরকে বাড়িতে না পাওয়ায় তাঁর পরিবারের কয়েকজন নারীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, নাঈম ফকিরের পক্ষ শেখ শাহাবুদ্দিন সাবুর বাড়িসংলগ্ন চার কাঠা জমি কিনতে চেয়েছিল। কিন্তু তা সম্ভব না হওয়ায় সড়কসংলগ্ন দুই কাঠা জমি তিন লাখ টাকায় কেনা হয়। তাঁদের বক্তব্য, ওই জমির ওপর দিয়ে সড়ক চালু রাখতে হলে সাবুর জমি তাঁদের কাছে বিক্রি করতে হবে। জমির মালিকানা ও সড়কের ব্যবহার নিয়ে বিরোধের জেরে জনসাধারণের চলাচলের পথ কেটে ফেলার অভিযোগে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সড়কটির ব্যবহার ও গ্রামবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে