'কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬' শেষে সাগরকন্যা কুয়াকাটার সমুদ ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কুয়াকাটা সমুদ্রসৈকতে এ অভিযান পরিচালিত হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রদল ও পটুয়াখালি জেলা এবং উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অভিযানে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য,ডাবের খোসা, প্লাস্টিক অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার রাতে এই বিচ কার্ণিভাল সম্পন্ন হয়েছে। সৈকতের পরিষ্কার পরিচ্ছন্নতা এ অভিযানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নেতৃত্বে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রিয়াজ, সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। লাখো মানুষের সমাগমে অনুষ্ঠিত কার্ণিভাল শেষে ছাত্রদলের সৈকত পরিচ্ছন্নতার এমন উদ্যোগের প্রশংসা করেন সাধারণ মানুষ।