অফিসে ক্লান্তি দূর করার কিছু সহজ উপায়

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:৪৬ এএম
অফিসে ক্লান্তি দূর করার কিছু সহজ উপায়

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের কাজ সামলাতে গিয়ে অনেকেই এত ব্যস্ত থাকেন যে সময়মতো খাওয়াদাওয়া কিংবা বিশ্রাম নেওয়ার কথাও ভুলে যান। কাজের চাপের মধ্যে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করা সম্ভব না হলেও একটানা চেয়ারে বসে কম্পিউটারে কাজ করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এতে পিঠ ও ঘাড়ে ব্যথা, ওজন বেড়ে যাওয়া, চোখের ক্লান্তি এবং হাতের কবজিতে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় কাজ করার ফলে শরীরে ক্লান্তি জমে এবং মনোযোগ কমে যায়। অফিস শেষে বাড়ি ফিরে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ না থাকলে এই অবসাদ আরও বাড়তে পারে। তবে কাজের ফাঁকে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে ক্লান্তি কমানো এবং কর্মক্ষমতা ধরে রাখা সহজ হয়। আসুন জেনে নেই অফিসে ক্লান্তি কাটানোর কয়েকটি উপায়-

মাঝেমধ্যে হাঁটাহাঁটি করুন: দীর্ঘক্ষণ একই জায়গায় বসে না থেকে কিছু সময় পরপর উঠে হাঁটুন। প্রয়োজনে পাশের সহকর্মীর সঙ্গে কথা বলতে বা তাঁর খোঁজখবর নিতে হেঁটে যেতে পারেন।

ছোটখাটো কাজ নিজেই করুন: প্রিন্ট করা কাগজ বা ফটোকপি সংগ্রহের মতো ছোট কাজগুলো সম্ভব হলে নিজেই করুন। 

কাজের মধ্যে বিরতি নিন: একটানা কাজ না করে মাঝেমধ্যে ছোট বিরতি নিন। এ সময় পানি পান করতে পারেন, চা খেতে পারেন কিংবা সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারেন। এতে মন কিছুটা সতেজ হবে।

সঠিক ভঙ্গিতে বসুন: অফিসের চেয়ারে বসার সময় শিরদাঁড়া সোজা রাখুন এবং পিঠের যথাযথ সমর্থন নিশ্চিত করুন। দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকলে পিঠ ও ঘাড়ে ব্যথা হতে পারে।

চোখকে বিশ্রাম দিন: দীর্ঘ সময় কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখে ক্লান্তি তৈরি হয়। তাই মাঝেমধ্যে পর্দা থেকে দৃষ্টি সরিয়ে দূরের কোনো বস্তুর দিকে তাকান এবং নিয়মিত চোখের পলক ফেলুন।

কম্পিউটার সঠিক দূরত্বে রাখুন: কম্পিউটারের পর্দা চোখ থেকে প্রায় এক হাত দূরে রাখার চেষ্টা করুন। পর্দার ওপরের অংশ চোখের সমতলে বা সামান্য নিচে থাকলে ঘাড়ের ওপর চাপ কম পড়ে।

এই অভ্যাসগুলোর পাশাপাশি সময়মতো খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং রাতে যথেষ্ট ঘুম নিশ্চিত করাও জরুরি। এতে কর্মব্যস্ত দিনের ক্লান্তি সামলানো সহজ হবে।