এমপি সেলিম রেজা হাবিব

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে রুফটপ সোলারের কোন বিকল্প নেই

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ পিএম
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে রুফটপ সোলারের কোন বিকল্প নেই

পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে রুফটপ সোলারের কোন বিকল্প নেই। ব্যক্তিগত উদ্যোগে বাসা-বাড়ীর ছাদে উন্নত প্রযুক্তি সম্পূর্ণ রুফটপ সোলার স্থাপন করে পরিবারের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আর ওই উদ্বৃত্ত বিদ্যুৎ প্রযুক্তির সহায়তায় উচ্চ মূল্যে সরকারের কাছে বিক্রিও করা যাবে। অন্যথায় দেশের প্রচলিত বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় শতভাগ বিদ্যুৎ সংকট নিরসন করা সম্ভব নয়। তাছাড়া প্রতিনিয়ত বাসা-বাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রযুক্তিগত নানা খাতে বিদু্যুতের ব্যবহার বাড়ছে। কিন্তু সেই অনুযায়ী বিদ্যুতের উৎপাদন বাড়ছেনা। সুতরাং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে রুফটপ সোলার স্থাপন না করলে দেশে বিদ্যুৎ সংকট থাকবেই। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র উদ্যোগে  জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত সমিতির জিএম আহমেদ শাহ আলম ও সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন উক্ত সমিতির ডিজিএম মোঃ মোতাছিম বিল্লাহ ও মোঃ রাশেদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে