নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) নাটোর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করছেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। এসআরবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির কার্যক্রম সম্পর্কে জানতে পারে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫)। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করে এসআরবি'র সদস্যরা। এ সময় তাঁদের ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে গ্রেফতারকৃত দুই ভায়ের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।