অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেফতার ২৫টি সিম উদ্ধার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেফতার ২৫টি সিম উদ্ধার

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়। সোমবার (২৬ অক্টোবর ২০২৬)  স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) নাটোর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করছেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। এসআরবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির কার্যক্রম সম্পর্কে জানতে পারে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫)। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করে এসআরবি'র সদস্যরা। এ সময় তাঁদের ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে গ্রেফতারকৃত দুই ভায়ের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে