পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র 'ফকিরগঞ্জ হাট'। সরকার এই হাট থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও তদারকি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হাটটি এখন চরম বিশৃঙ্খলা ও ভোগান্তির আখড়ায় পরিণত হয়েছে। হাটের চলাচলের রাস্তা দখল করে দোকান পরিচালনা , যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং ইজারাদারের লোকজনের অতিরিক্ত টোল আদায়ের ফলে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা বিক্রেতাদের মাঝে। সরেজমিনে দেখা যায়, হাটের প্রধান প্রধান সড়ক ও চলাচলের গলিগুলো স্থানীয় ব্যবসায়ী এবং অবৈধভাবে অবস্থান নেওয়া ইজিবাইক, অটো ও ভ্যানচালকদের দখলে চলে গেছে। সড়কের ওপর যানবাহন পার্কিং ও যত্রতত্র বেচাকেনার কারণে সাধারণ পথচারী, স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রী ও ক্রেতাদের স্বাভাবিক হাঁটাচলা করাও দায় হয়ে পড়েছে। মেইন সড়কের উপরে বয়লার মুরগির মাংসের দোকান। দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় এবং নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় পুরো বাজারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে।অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের সরলতার সুযোগ নিয়ে হাটের ইজারাদারের লোকজন সরকারি নিয়মকানুন তোয়াক্কা না করে ইচ্ছেমতো অতিরিক্ত 'তোলা' (টোল) আদায় করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী হাটের দৃশ্যমান স্থানে টোল আদায়ের নির্ধারিত হারের সাইনবোর্ড টাঙানোর কথা থাকলেও তা করা হয়নি। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা প্রতিদিন আর্থিক শোষণের শিকার হচ্ছেন। প্রতিবাদ করতে গেলে ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত হওয়ার ভয় পাচ্ছেন অনেকে।স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা জানান, ফকিরগঞ্জ হাটের এই নৈরাজ্যকর পরিস্থিতি, অবৈধ দখলদারিত্ব এবং অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি ইতিপূর্বে বারবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় অবগত করা হলেও, অজ্ঞাত কারণে প্রশাসন দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। তবে এলাকাবাসী প্রত্যাশা করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। হাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গনের সামনে অবৈধ দখলমুক্ত করা, ময়লা-আবর্জনা পরিষ্কারের স্থায়ী ব্যবস্থা করা এবং অতিরিক্ত টোল আদায় বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ দাবি করছেন আটোয়ারী উপজেলার হিতৈষী মহল।