যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:২৫ পিএম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন ও পুরোনো নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মির্জা মো. সম্রাট হোসেন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের গৌরবময় ইতিহাসের অন্যতম অংশীদার জাতীয়তাবাদী যুবদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং দেশ ও মানুষের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করতে হবে। নেতাকর্মীদের শৃঙ্খলা, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। হিংসা, প্রতিহিংসা কিংবা রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের সম্মান রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই যুবদলকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক নজিবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদ করিম নোহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া সিলেট জেলা ও মহানগর যুবদলের অধীন ১৩টি উপজেলা, পাঁচটি পৌরসভা, ৪২টি ওয়ার্ড এবং ছয়টি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা সমাবেশ ও র‌্যালিতে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে